তৃণমূলকে পরাজিত করার লক্ষ্য, মনোনয়ন জমা দিলেন তাপস রায়

আগামী মাসের প্রথমেই নির্বাচন উত্তর কলকাতায়। তার আগে শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান তিনি। বিজেপি প্রার্থীকে সমর্থন করতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রমুখ। উত্তর কলকাতার ফলাফল নিয়ে কী বললেন তাপস রায়?

উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ তিনি। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল ছেড়ে আসা তাপস রায়কে। নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। অক্ষয় তৃতীয়ার দিনে মনোনয়ন জমা দিতে গেলেন তিনি। বর্ণাঢ্য শোভাযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী সহ বিজেপি কর্মী-সমর্থকরা।

কলকাতা উত্তরে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল তাপস রায়ের গলায়। তৃণমূলের দীর্ঘদিনের অপশাসন ভেঙে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে উত্তরে পদ্মফুল ফোটাবেন তিনি, এমনটাই দাবি বিজেপি প্রার্থীর। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও তাপস রায়ের জয় নিয়ে আশাবাদী। এমনকি ত্রিপুরা মডেলকে সামনে রেখে বিজেপি প্রার্থীকে কিছু টিপসও দেন তিনি।

গত মার্চ মাসেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। ২০২১ সালে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তিনি। দলের পাশাপাশি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। পদ্ম শিবিরে যোগ দিয়েই কলকাতা উত্তরের  প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। আগামী ১ জুন এই কেন্দ্রে নির্বাচন রয়েছে। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য কলকাতা উত্তরে প্রার্থী হলেও তৃণমূল ও বিজেপির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube