ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে অভিযোগ এনে থানার দ্বারস্থ বিজেপি। সম্প্রতি তাঁর একটি মন্তব্য ঘিরে রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সেই মন্তব্যের জেরেই কেশপুর থানায় তারকা প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানাল গেরুয়া শিবির। দেবের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?
বুধবার কেশপুরে দলের এক কর্মসূচিতে গিয়ে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব দাবি করেন, ‘বিজেপির প্রার্থী এবং বিজেপি দল ঘাটালে জেতার জন্য মরিয়া। তারা একটা ষড়যন্ত্র করে দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে।‘ দেবের আশঙ্কা, ১০ মে থেকে ২০ মে-র মধ্যে ঘাটালে কোনও বিজেপি কর্মী খুন হতে পারেন। তারকা প্রার্থীর এই মন্তব্যে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের অভিযোগ, ‘আগামী ২৫ মে ঘাটালে পঞ্চম দফায় ভোট রয়েছে। কিন্তু তৃণমূল প্রার্থী দেবের মন্তব্যের কারণে বিজেপি কর্মীরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। এরমধ্যে কোনও বিজেপি কর্মী মারা গেলে আইন-শৃঙ্খলার অবনতি হবে। এই অভিযোগেই কেশপুর থানায় দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত বিষয়টির তদন্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে বিজেপি।
গতকাল বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় প্রসঙ্গে দেব বলেছিলেন, ‘মানুষ বিজেপির সঙ্গে নেই। ওঁর নিজের দলই ওঁর সঙ্গে নেই।‘ পাল্টা হিরণ দাবি করেছিলেন, ‘বিজেপি কর্মীকে খুন করবেন দেব।‘ ২০২৪ নির্বাচনে ঘাটাল অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে। একাধিক ইস্যুতে তৃণমূল প্রার্থীকে নিশানা করছেন বিজেপি প্রার্থী দেব। তাঁর বিরুদ্ধে আনছেন বিস্ফোরক অভিযোগ। পাল্টা প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করতে ছাড়ছেন না ঘাটালের দু’বারের সাংসদ। দীর্ঘ তরজার পর শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ৪ জুন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

