ঝড় বৃষ্টিতে নামতেই পারল না চপার, ভোট প্রচারে গিয়ে দুর্যোগের মুখে অভিষেক!

বীরভূমে দলীয় প্রার্থীদের হয়ে বৃহস্পতিবার জোড়া সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রস্তুতিও করা হয়েছিল সেই মত। কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধল বৃষ্টি। দুর্যোগের মাঝে পড়ে অভিষেকের চপার অবতরণ করতেই পারল না। তবে সভা বাতিল হয়নি। ভার্চুয়ালি ভোট প্রচার করবেন তৃণমূল নেতা। দলের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার জোড়া সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রামপুরহাটের বিনোদনপুর মাঠে প্রথম সভাটি হওয়ার কথা ছিল এবং বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে দ্বিতীয় সভাটি হত কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ মাঠে। এদিন দুপুর থেকেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। যার ফলে অভিষেকের চপার সভাস্থলের কাছে পৌঁছে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অবতরণ করতে পারেনি। কর্মসূচিতে বদল আনা হয়। তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আজকের দুটি সভাই ভার্চুয়ালি করবেন তৃণমূল নেতা।

বুধবার বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে প্রচার সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এখানকার বিদায়ী সাংসদ। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে সেকথা বলার অপেক্ষা রাখে না। গতকালের সভায় বক্তৃতা রাখতে গিয়ে অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ করেন অভিষেক।

আগামী ১৩ মে বীরভূম ও বর্ধমান পূর্বে নির্বাচন রয়েছে। তার আগে বৃহস্পতিবার দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচার সারবেন তিনি। প্রকাশ্যে জনসভার পরিবর্তে ভার্চুয়ালি সভা হলেও অভিষেক কী বলেন সেদিকে নজর থাকবে।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube