হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের সময়েই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে বিস্ফোরক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে অডিও ক্লিপ শুনিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। কংগ্রেস প্রার্থীকে ভোট কেন দেবে না, বহরমপুরবাসীকে বুঝিয়ে দিলেন অভিষেক।
বুধবার বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে নিশানায় আনেন তিনি। প্রকাশ্যে একটি অডিও ক্লিপ শুনিয়ে অভিষেক বলেন, ‘কংগ্রেস প্রার্থী নিজেই বলছেন বিজেপিকে ভোট দেবেন।‘ তৃণমূল নেতার দাবি, ‘কংগ্রেস প্রার্থী যদি বিজেপিকে ভোট দিতে বলেন নিজেই তাহলে সাধারণ ভোটাররা কেন তাঁকে ভোট দেবেন।’
এরপর অধীর চৌধুরীকে নিয়ে আরও একটি অডিও ক্লিপ শোনান অভিষেক। যেখানে কংগ্রেস নেতাকে বলতে শোনা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হলে তিনি নিজে তাঁকে ভোট দেবেন। এনিয়ে অভিষেকের দাবি, ‘অধীর চৌধুরী পরোক্ষভাবে বিজেপিকেই ভোট দেওয়ার কথা বলছেন। তাঁর অভিযোগ, ‘বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছেন অধীর চৌধুরী। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতিকে ‘বিজেপির এজেন্ট’ বলে কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, আগামী ১৩ মে চতুর্থ দফায় বহরমপুরে ভোট রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১১ মে পর্যন্ত শেষ প্রচার করা যাবে। তৃণমূল চমক দিয়ে এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে। অন্যদিকে, কংগ্রেসের প্রার্থী বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরী। ভোট আবহে তৃণমূলের সঙ্গে কংগ্রেস প্রার্থীর তরজা নতুন করে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে বহরমপুরে ফলাফল কী হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

