‘চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ’- এভাবে চিরনূতনের মধ্য দিয়েই জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । আর আজ ২৫ শে বৈশাখ । বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো প্রস্তুত ছিল শান্তিনিকেতন । পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠিত হল রবীন্দ্রজয়ন্তি ।
কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হল শান্তিনিকেতনে । বিশেষ উপাসনার মধ্য দিয়ে সূচনা হল আজকের এই অনুষ্ঠান । উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য সহ আশ্রমিক, ছাত্র ছাত্রী ও অধ্যাপকরা ।
একই রকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িও । গানে গল্পে আড্ডায় ঠাকুরবাড়ির প্রাঙ্গন হয়ে উঠল জমজমাট । যদিও অন্য বাড়ির তুলনায় এইবার জাঁকজমক কিছুটা কম । তবে আবেগে ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিল এদিন ঠাকুরবাড়ির প্রাঙ্গন ।
রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের অবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালো, রবীন্দ্রনাথ ঠাকুরকে ।

একই সঙ্গে সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারী বেসরকারী উদ্যোগে কবি গুরুর ১৬৪ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে । বুধবার বাঁকুড়া শহরের প্রতাপবাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্র মূর্তির পাদদেশে ‘আলেখ্য বাঁকুড়া’ টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে গানে-গল্পে-কথায়-কবিতায়-নৃত্যে-সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হল । অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচণা হয় । মাল্যদান করেন ওই সংগঠনের সদস্যরা ।
এদিন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ বলেন, ‘রবীন্দ্র হলেন সংস্কৃতি জগতের অভিভাবক, তিনি শুধু কবি নন, ঋষি-দূরদ্রষ্টা । তাঁর প্রতিটি লেখার মাধ্যমে বহু বছরের পরের ঘটনার কথা বুঝতে পারি, সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করা যায়’ ।
আয়োজক আলেখ্য বাঁকুড়া’ টেগোর কালচারাল আকাদেমির সভাপতি শক্তি চট্টোপাধ্যায় বলেন, বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে আমরা প্রাণের কবি, মনের কবি, জীবনের কবি রবীন্দ্রনাথকে গান, কবিতা, নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি। এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন বলে তিনি জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

