সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানির দিনেই বিস্ফোরক মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, ১০ লক্ষ চাকরি তৈরি থাকলেও বিরোধী দলগুলির ষড়যন্ত্রের কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। এদিন পুরুলিয়ায় নির্বাচনী সভা থেকে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। কী বললেন তিনি?
মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের দায় চাপান বিজেপির ওপর। কড়া সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিল। ভোটের আগে বলছে, হাম ভি কশিস করেগা! তুমিই তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে যোগ্য ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিয়েছ।‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘আমরা ১০ লক্ষ চাকরি নিয়ে তৈরি আছি। কিন্তু বিজেপি ও সিপিএমের লোকেরা আদালতে গিয়ে একটার পর একটা মামলা করছে।‘ বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বেলা জেল, ওদের বেলা বেল। এই করেই মোদী বিজেপিকে করেছে সেল।‘
মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি শুরু হয়। দীর্ঘ সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, ‘বিবেচনা না করে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না।‘ পর্যবেক্ষণের পর হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতির কথায়, যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হলে, গোটা প্যানেল বাদ দেওয়া ন্যায্য হবে না।
আগামী জুলাই মাসের ১৬ তারিখ এসএসসি মামলার পরবর্তী শুনানি হবে। ২৬ হাজার চাকরি বহাল থাকছে। পাশাপাশি বেতন ফেরতের নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

