ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিয়ে সোমবার দুপুরের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে একাধিক জেলায়। আজ, মঙ্গলবার ফের বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert in Bengal)। কোন কোন জেলায় বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department) বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার বিকেলেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালের পর থেকে তাপমাত্রা অনেকটা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা। তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলেছে।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ঝাড়খণ্ড ও বাংলাদেশ- দু’দিক থেকেই মেঘ ঢুকছে দক্ষিণবঙ্গে। যার ফলে বাংলায় বৃষ্টি শুরু হয়েছে। চলতি সপ্তাহে আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকবে। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি বোধ হতে পারে।

সোমবার কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু হয়েছে ১২ জনের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। সমস্ত নির্দেশিকা মেনে জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলেও টুইটে জানান মুখ্যমন্ত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

