লোকসভা নির্বাচনে বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট প্রচারের শেষ লগ্নে এই কেন্দ্রে ‘ডবল ধামাকা’র অপেক্ষা। দাদার হয়ে প্রচারে আসছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই বাংলায় আসবেন জুনিয়র পাঠান।
আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট গ্রহণ বহরমপুরে। প্রচারের জন্য হাতে সময় খুব বেশী নেই। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১১ মে বহরমপুর কেন্দ্রে শেষ প্রচার। তার আগে ৯ মে অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে আসতে পারেন ইরফান পাঠান। সূত্রে খবর, ইরফানের প্রচার করার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আছে, তবে তৃণমূল নেতৃত্ব তার সমাধান করার চেষ্টা করছেন।
প্রথমবার প্রত্যক্ষভাবে রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এতদিন ২২ গজের ময়দানে ব্যাটে বলে তাঁর ম্যাজিক দেখেছে সাধারণ মানুষ। এবার পালা ভোটের ময়দানে জয় পাওয়ার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুর। দীর্ঘ কয়েক বছর ধরে এই আসন ধরে রেখেছে কংগ্রেস। তাই তৃণমূলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তৃণমূলের দাবি, প্রচারে ইউসুফ যেভাবে সাড়া পাচ্ছেন তা সবটাই স্পষ্ট করে দিচ্ছে। বহরমপুরে জয় পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। আগামীকাল (৮ মে) ইউসুফ পাঠানের হয়ে ভোট প্রচারে আসবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

