লোকসভা নির্বাচনের প্রথম দুই দফায় প্রাপ্ত ভোট শতাংশ নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। একাধিক প্রশ্ন করে কমিশনে চিঠি পাঠাল তারা। সোমবার চিঠি দেওয়া হলেও মঙ্গলবার, তৃতীয় দফায় ভোট গ্রহণের দিন তা প্রকাশ্যে আনা হয়। কী অভিযোগ শাসক দলের?
প্রথম দফার ভোট হয়েছিল গত ১৯ এপ্রিল। ২০ তারিখ নির্বাচন কমিশনের তরফে তথ্য দিয়ে জানানো হয়, দেশজুড়ে ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ। ২৬ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট গ্রহণের পরদিন কমিশনের তরফে জানানো হয়, দ্বিতীয় দফায় বাংলায় ভোট পড়েছে ৬০.৯৬ শতাংশ। কিন্তু গত মঙ্গলবার কমিশন ফের তথ্য পেশ করে জানায়, দেশজুড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৬.৭১ শতাংশ। কমিশনের দুটি তথ্যে ভোট শতাংশের ফারাক ৬ শতাংশ। এনিয়েই প্রশ্ন তোলে তৃণমূল।
তৃণমূল সাংসদ (রাজ্যসভা) ডেরেক ও’ব্রায়েন দলের তরফে একগুচ্ছ প্রশ্নসমেত ৩২ পাতার চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। তিনটি দাবি করা হয়েছে। লোকসভা ভিত্তিক কত ভোটার জানাতে হবে কমিশনকে। বৈধ ভোটারের সংখ্যা প্রকাশ্যে আনতে হবে এবং প্রথম ও দ্বিতীয় দফায় ভোটারপিছু কত ইভিএম ব্যবহার করা হয়েছে, তাও কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে।
প্রথম দু’দফায় ভোটের হার বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের দিকে আগেই আঙুল তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার মুর্শিদাবাদের সভা থেকে তিনি সকল বিরোধী দলগুলিকে ইভিএমের দিকে নজর রাখার বার্তা দিয়েছিলেন। এমনকি বিজেপিকে বাড়তি ভোট দেওয়ার জন্য ইভিএমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

