গরমের দাবদাহ থেকে মুক্তি দিয়ে সোমবার বিকেলে রাজ্যের সব জেলাতেই ব্যাপক বৃষ্টি হয়েছে। তবে এই স্বস্তির বৃষ্টি কারও কারও জন্য অভিশাপ হয়ে নেমেছিল। এক রাতেই প্রাণ হারায় একাধিক। মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে এনিয়ে একটি টুইট করেন তিনি।
টুইটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘গতকাল রাতে বজ্রপাত ও ঝড়ের তাণ্ডবে ৯ জন (পূর্ব বর্ধমানে ৫, পশ্চিম মেদিনীপুরে ২, পুরুলিয়ায় ২), নদিয়ায় দেওয়াল ধসে ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ভেঙে মৃত্যু হয়েছে একজনের। আমাদের জেলা প্রশাসন নির্দেশিকা মেনেই সর্বক্ষণ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যথাসম্ভব সাহায্যের চেষ্টা করছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।‘
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, চলতি সপ্তাহের শুরু থেকেই বাংলায় ঝড়-বৃষ্টি চলবে। গতকাল বিকেলে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়ার মত দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও প্রবল বৃষ্টি শুরু হয়। একাটানা বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি চলে।
বৃষ্টির জেরে বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ব্যহত হয় যান চলাচল। ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। যার ফলে সাধারণ মানুষ বিশেষ করে অফিস ফেরত যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। আজ, মঙ্গলবারও কলকাতা সহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

