শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি ‘প্রাক্তন’ জামাই-শ্বশুর। বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসকে তীব্র কটাক্ষ বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ভোট প্রচারে গিয়ে মেয়ের প্রসঙ্গ এনে আবেগঘন হতে দেখা যায় তাঁকে। বিজেপি প্রার্থীর নিজস্ব কোনও পরিচয় নেই, প্রাক্তন জামাইকে নিয়ে এমনই তীক্ষ্ণ সুর শোনা গেল কল্যাণের গলায়।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্যতম হেভিওয়েট সদস্য হওয়ার পাশাপাশি পোড় খাওয়া আইনজীবী তিনি। এবারে ফের একবার তাঁকে টিকিট দিয়েছে দলীয় নেতৃত্ব। অন্যদিকে, বিজেপি প্রার্থী করেছে পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী কবীর শঙ্কর বোসকে। ভোটের ময়দান ছাড়াও দুই প্রতিদ্বন্দ্বীর ব্যক্তিগত লড়াই আছে। কল্যাণ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শঙ্কর। ২০১৭ সালে তৃণমূল সাংসদের মেয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে আক্রমণ করতেও ছাড়ছেন না তৃণমূল প্রার্থী।

সম্প্রতি শ্রীরামপুরের এক সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানকার বিজেপি প্রার্থীর নিজস্ব কোনও পরিচয় নেই। প্রাক্তন শ্বশুরের নামে নিজের পরিচিতি করতে হচ্ছে। শ্রীরামপুরে যাঁর হাত ধরে এসেছিলেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি, বংশ পরিচয় কেউ জানে না। শুধু একটাই পরিচয় প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়।‘ প্রাক্তন জামাইকে ‘পরজীবী’ বলেও কটাক্ষ করেন তিনি।

প্রচার চলাকালীনই সভায় দাঁড়িয়ে নিজের মেয়ের প্রসঙ্গেও কথা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ একজন বাবার কাছে তাঁর মেয়ে সবচেয়ে আদরের, সেই মেয়ে যখন কষ্ট পায়, বাবার মন ভেঙে যায়। এই কষ্টের উত্তর ২০ মে আপনাদের দিতে হবে।‘ তৃণমূল প্রার্থীর মন্তব্যের পাল্টা জবাবে কবীর শঙ্কর বোস বলেন, ‘এটা পরিষ্কার যে উনি (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) ব্যক্তিগত আক্রমণ করছেন। দলের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দেন। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। ওনার ব্যবহার ওনার পরিচয়।‘

আগামী ২০ মে পঞ্চম দফায় শ্রীরামপুরে নির্বাচন রয়েছে। ২০০৯ সাল থেকে এই লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় চতুর্থবার তৃণমূলের টিকিটে লড়ছেন। বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। অন্যদিকে, বামেদের তরফে প্রার্থী করা হয়েছে তরুণ মুখ দীপ্সিতা ধরকে। কল্যাণ নিজের আসন ধরে রাখতে পারবেন নাকি বাজিমাত করবে অন্য কেউ? শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ৪ জুন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

