সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা আর থাকছে না বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর । আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে মূলত গাঙ্গেয় ও উপকূলবর্তী অঞ্চলে কালবৈশাখী সহ দমকা ঝোড়ো হাওয়া এবং ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
একই সঙ্গে জানা যাচ্ছে, আজ বিকেলের পর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । ঠিক একই রকমভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলার দু’একটি জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে বলে খবর ।
আজ থেকে দক্ষিণবঙ্গের অনেক এলাকায় স্থানীয়ভাবে শুরু হবে বৃষ্টি । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ এবং আগামিকাল দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে । তাই সোমবার থেকে ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটাই কমে যাবে এই বৃষ্টিপাতের ফলে । বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে যাবে তাপমাত্রা ।
তবে আগামীকাল ৭ তারিখ বৃষ্টিপাতের ব্যাপ্তির পরিমাণ বাড়বে রাজ্যজুড়ে । ৮ এবং ৯ তারিখও বৃষ্টিপাত জারি থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর । উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ বিকেল থেকেই বৃষ্টি শুরু হবে । আগামিকাল বৃষ্টির ব্যাপ্তি বাড়বে এই ৩ জেলায় । উত্তরবঙ্গের বাদবাকি জেলাতেও বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত । মঙ্গলবারের পরেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে । এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের যে জেলাগুলিতে তাপমাত্রা বেশি রয়েছে, সেই জায়গাগুলিতেও তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি কমে যাবে ।
অন্যদিকে জানা যাচ্ছে, ৮ এবং ৯ তারিখেও কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে । আজ কয়েকটি জায়গায়, যেমন বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে । আগামিকাল এই ৩ জেলা সহ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে ।
সমুদ্রে হাওয়ার গতিবেগ বেশি থাকার জন্য সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । এতদিন উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস প্রবেশ করছিল, বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে । তার ফলেই এই বৃষ্টি বলে জানা যায় । আপাতত আগামী সাতদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

