করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা শ্রেয়স তলপড়ে! সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকারে এই জল্পনাই উস্কে গেল। মৃত্যুকে খুব কাছ থেকে দেখছেন তিনি, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা চলেছে। কিন্তু আচমকা কেন এমন দুর্ঘটনা ঘটেছিল, তা স্পষ্ট নয় অভিনেতার পরিবারের কাছে।

সম্প্রতি করোনা ভ্যাকসিন কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে তাঁদের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যারা এই ভ্যাকসিন নিয়েছেন তাঁদের কেউ কেউ বিরল রোগ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএসে আক্রান্ত হতে পারেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। ভারতে এই ভ্যাকসিন প্রস্তুত করেছে সেরাম ইনস্টিটিউট। তাঁদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এবার এক সাক্ষাৎকারে এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার উপরেই সন্দেহ প্রকাশ করলেন ‘গোলমাল’ খ্যাত অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)।

অভিনেতা জানান, ‘আমি ধূমপান করি না। নিয়মিত মদ্যপান করি না। তামাকজাত কোনও দ্রব্যের সেবন করি না। কোলেস্টেরল বেশী তবে তা এখনকার সময় খুব স্বাভাবিক। ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিছুই নেই। তাহলে আর অন্য কী কারণ হতে পারে?’ করোনা টিকা নেওয়ার পরবর্তী সময়ের নিজের অভিজ্ঞতা নিয়ে শ্রেয়স বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অজানা কারণে ক্লান্তি অনুভূত হতে থাকে। হয়তো করোনা নাহলে করোনার ভ্যাকসিন, কিছু সত্যি তো থাকবেই।’

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে শুটিং থেকে বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হন শ্রেয়স তলপড়ে। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। অভিনেতার স্ত্রী দ্বীপ্তি জানিয়েছিলেন, টানা ১০ মিনিট হৃদস্পন্দন বন্ধ ছিল তাঁর। চিকিৎসকেরা জানিয়েছিলেন, অনেক চেষ্টা এবং দ্বীপ্তির উপস্থিত বুদ্ধির জেরেই শ্রেয়স তলপড়েকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছিল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

