অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে টলিউডে পা রেখেছিলেন। কেরিয়ারের শুরুতে ব্যর্থ হলেও পরবর্তীকালে একের পর এক ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা-প্রযোজক দেব। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি ঘাটাল কেন্দ্রের দু’বারের সাংসদ। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই তৃতীয়বার প্রার্থী হয়েছেন তিনি। ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ কত জানেন?
নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। হলফনামায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে তাঁর হাতে নগদ রয়েছে ২৬ হাজার ৭৫৮ টাকা। ২০২০-২০২১ অর্থবর্ষে দেবের আয় ছিল ২ কোটি ৮৪ লক্ষ ৮২ হাজার ১৩০ টাকা। ২০২১-২০২২ অর্থবর্ষে আয় ছিল ২ কোটি ৬৮ লক্ষ ৩৫ হাজার ৯৩০ টাকা। ২০২২-২০২৩ অর্থবর্ষে দেব আয় করেছেন ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। আয়ের উৎস হিসেবে অভিনয় ও সাংসদ পদের কথা উল্লেখ করেছেন তিনি।
একাধিক ফ্ল্যাট রয়েছে ঘাটালের তৃণমূল প্রার্থীর। সাউথ সিটি-তে দুটি ফ্ল্যাট রয়েছে যার একটির মুল্য ৩ কোটি ১০ লক্ষ ৭০ হাজার টাকা। অন্য ফ্ল্যাটটির দাম ১ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা। আরও দুটি ফ্ল্যাট আছে দেবের। বেদিক ভিলেজে ফ্ল্যাটের দাম ১ কোটি ৭৫ লক্ষ টাকা এবং আর্বানা টাওয়ারের ফ্ল্যাটের বর্তমান মূল্য ১৩ কোটি ৩২ লক্ষ ৩২ হাজার টাকা। সব মিলিয়ে অভিনেতা-সাংসদ দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা।
একটি মার্সেডিজ বেনজি গাড়ি রয়েছে দেবের কাছে, যার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। একটি ১২ লক্ষ টাকার হাতঘড়ি রয়েছে। এছাড়া তারকা প্রার্থীর কাছে সোনা রয়েছে ২২০০ গ্রাম যার বর্তমান বাজার মূল্য ৪৯ লক্ষের বেশী। সব মিলিয়ে দেবের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকা।
একাধিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে দেবের নামে। সেখানে জমা রয়েছে কয়েক কোটি টাকা। ৯ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর। কয়েকটি স্কিমে বিনিয়োগ করা আছে দেবের, হলফনামার তথ্য বলছে, ২ কোটি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

