কৃষ্ণনগরে ভোট প্রচারে গিয়ে বিজেপি এবং তাঁদের প্রার্থীকে বেনজির আক্রমণ করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বিদায়ী সাংসদ তথা মহুয়া মৈত্রকে ভোট দেবেন সাধারণ মানুষ, তাও স্পষ্ট করে দিলেন তিনি। পাশাপাশি বিরোধী দলের প্রার্থীকে কটাক্ষ করতেও ছাড়লেন না। তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবারে প্রচার সারলেন তৃণমূল নেতা। আরও কী বললেন তিনি?

রবিবার কৃষ্ণনগরের কালীগঞ্জে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে ভোট প্রচারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান তিনি। অভিষেক বলেন, ‘বিজেপি বলেছে ভোটে জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে।‘ একটি অডিও ক্লিপও শোনান তিনি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পদ্ম শিবিরকে খোঁচা দেন। সন্দেশখালির ভিডিও প্রসঙ্গ এনে তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ, ’২ হাজার টাকায় মহিলাদের সম্মান বিক্রি করছে দিল্লির বিজেপি নেতারা।‘

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি এখানে যাঁকে প্রার্থী করেছে তাঁকে কেউ চেনে না। নিজেকে পরিচয় দেন রাজমাতা হিসেবে।‘ পাশাপাশি, বিজেপি প্রার্থীকে তিনটি প্রশ্ন করবেন বলেও জানান তৃণমূলের দু’বারের সাংসদ। এক, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী? দুই, রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তা নিয়ে বিজেপি প্রার্থীর অবস্থান কী? তিন, সন্দেশখালির ভিডিয়ো নিয়ে তিনি কী বলবেন? এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীকে নরেন্দ্র মোদীর ‘হাতের পুতুল’ বলেও কটাক্ষ করেন তিনি।

কেন কৃষ্ণনগরের মানুষ মহুয়া মৈত্রকে ভোট দেবেন, তাও জানিয়ে দিলেন অভিষেক। বলেন, ‘মহুয়া মৈত্রকে ভোট দেওয়া মানে বিজেপিকে হারানো। গতবারের তুলনায় দ্বিগুণ ভোটে জয়ী করুন তৃণমূল প্রার্থীকে। এই ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করব।‘ যারা বাংলাকে কলুষিত করতে চায় তাঁদের যোগ্য জবাব দেওয়ার আর্জি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

