সম্পত্তির লোভে নিজের ভাইকে খুন? এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল নিউটাউন। ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের নিথর দেহ। খবর জানাজানি হতেই এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে মৃতের দুই দিদি। তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম আশিষ দাস। নিউটাউনের গোবিন্দ নগরের বাসিন্দা। পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি। তাঁর দুই দিদি বিয়ের পর অন্যত্র থাকেন। আশিষের বাড়িতে একাধিক ভাড়া ছিল। মাসের শেষে দুই দিদি ভাড়ার টাকা নিতে আসতেন। সেইসময় তাঁর উপর অত্যাচার হত। টাকার জন্য জামাইবাবুরা বেল্ট দিয়ে মারধর করত বলেও অভিযোগ। কয়েকবছর আগে আশিষের বিয়ে হয়েছিল। তবে তাঁর দিদিরা ভাইয়ের বউয়ের উপর অত্যাচার করে তাঁকেও তাড়িয়ে দিয়েছে, দাবি স্থানীয়দের।

জানা গিয়েছে, দীর্ঘদিন অত্যাচারের ফলে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন আশিষ। বাড়িতে একা থাকতেন। তাঁর খাবারের ব্যবস্থা করতে একজনকে রাখা হয়েছিল। কিন্তু সেখানেও অভিযোগ, প্রতিদিনই তাঁকে ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দেওয়া হত। এরপর গতকাল খাবার দিতে এসে অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায় না আশিষের। রবিবারও তাঁকে দেখতে না পেলে সন্দেহ হয় এলাকাবাসীর। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ওই যুবকের নিথর দেহ উদ্ধার করে।
দুই দিদি বাড়িতে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাঁদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, সম্পত্তি হাতানোর জন্য ভাইকে মানসিক অত্যাচার করা হত। এমনকি আশিষ যে ঘরে থাকতেন সেখানে একটি পাখার তার কাটা রয়েছে বলেও বিস্ফোরক এলাকাবাসীরা। পুলিশ ঘটনার তদন্ত করে যুবকের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

