প্রবল গরমেও তীব্র জলসংকট ঘাটালে, ভোটের মুখে দেবকে নিয়ে বাড়ছে ক্ষোভ!

ভোট আবহে জলসংকটে ঘাটালের সাধারণ মানুষ। সমস্যার কথা জানানো হলেও সমাধান এখনও হয়নি। বিদায়ী সাংসদ দেবকে নিয়ে বাড়ছে ক্ষোভ। চলতি মাসেই ঘাটালে ভোটগ্রহণ। তার আগেই তৃণমূলের তারকা প্রার্থীর উপর ক্ষোভের বহিঃপ্রকাশ এলাকাবাসীর। এনিয়ে কী জানিয়েছেন দেব? তাঁর কথায় কি মন গলবে ভোটারদের?

রাজ্যজুড়ে দাবদাহের পরিস্থিতি চলছে। একটানা ৪০ ডিগ্রির উপরে রয়েছে পারদ।  জেলায় জেলায় তাপপ্রবাহের দহনজ্বালায় ভুগছে সাধারণ মানুষ। দিনে যেখানে দিনে ৩-৪ বার স্নান করেও স্বস্তি পাওয়া যাচ্ছে না, সেখানে জলসংকটে ভুগছে ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের দন্দিপুর বক্সী পাড়া এলাকার ৩০ টি পরিবার। তাঁদের অভিযোগ, দু’বারের সাংসদ তথা ঘাটালের এবারের তৃণমূল প্রার্থী দেবকে জানানো হয়েছিল। গ্রামের কয়েকজন মহিলা নিজেরা গিয়ে সমস্যার কথা বলে এসেছিলেন। তারপর অনেকটা সময় পেরিয়ে গেলেও সমাধান হয়নি। ঘাটালের এলাকাগুলিতে জলের সমস্যা মেটাতে সজল ধারার কাজ শুরু করা হয়েছিল। কিন্তু বিদ্যুতের বিল সময়মত না দেওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে, কিছু জায়গায় ট্যাপ কল বসানো হলেও সেখানে জল পাওয়া যাচ্ছে না। নানা কারণে পঞ্চায়েতের উপরেও ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর।

স্থানীয় মানুষের দাবি, অনেক অভিযোগ জানানো হয়েছে কিন্তু কাজ কিছুই হচ্ছে না। বিদায়ী সাংসদ দেব নাকি প্রতিশ্রুতি দিয়েছেন ভোটের পর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরও জানান, ক’দিন আগেই ভোট প্রচারের সময় দেব এসেছিলেন। সেইসময় তাঁকে জানানো হয়েছিল জলের সমস্যার কথা। ৬ মাস ধরে জল নেই। পুকুর থেকে জল এনে নিত্যদিন কাজ করতে হচ্ছে বলে জানান তাঁরা।  

উল্লেখ্য, কয়েকদিন আগেই ভোট বয়কটের ডাক দিয়েছিলেন ঘাটালের দাসপুরের খুকুরদহ গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জল উত্তোলন প্রকল্প বন্ধ হওয়ার মুখে। শাসক দলের কাছে জানালেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে চাষের জন্য অল্প খরচে জল পাওয়া যেত। কিন্তু এখন কাজ বন্ধ থাকায় চড়া দামে জল কিনতে হচ্ছে বলে ক্ষোভ চাষিদের। ভোট মিটলে সমস্যার সমাধান হয় কি না তার অপেক্ষায় দিন গুনছে ঘাটালবাসী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube