ভোটের মরশুমে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। লালবাজারের তরফে তদন্তের স্বার্থে ইতিমধ্যেই SET গঠন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার এই ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা লজ্জাজনক। শ্লীলতাহানির অভিযোগ উঠতেই তিনি কোচি পালিয়ে গেলেন কেন? রাজ্যপালের তরফে কোনও বিবৃতি নেই। রাজভবনকে এবার বয়কট করবে সাধারণ মানুষ।‘
রাজ্যপালকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, যা করেছেন তাতে লজ্জা হওয়া উচিত, রাজ্যপাল ক্লিন হলে সিসিটিভি ফুটেজ সব স্পষ্ট করে দেবে। রাজভবন কেন সেই ফুটেজ রিলিজ করছে না, সেই প্রশ্নও তোলেন তৃণমূল নেতা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে হেয়ার স্ট্রীট থানার দ্বারস্থ হয়। এই ঘটনায় রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার রাতে বঙ্গ সফরে এসে রাজভবনেই রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শ্লীলতাহানি ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস ও প্রধানমন্ত্রীকে একযোগে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এত বড় অভিযোগের পরও প্রধানমন্ত্রী কীভাবে রাজভবনে রাত্রিবাস করলেন সেই প্রশ্নও তোলেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল। পাশাপাশি তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও পাল্টা দাবি করেন সিভি আনন্দ বোস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

