ভোট আবহে নিরাপত্তা বাড়ল তাপস রায়ের, কীসের আশঙ্কা?

চলতি বছরের শুরুতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। প্রাক্তন দলের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ পেয়েছিল তাঁর কথায়। পদ্ম শিবিরে যোগ দিয়েই সরাসরি লোকসভা নির্বাচনের ময়দানে নেমে পড়েন। কলকাতা উত্তরে তাপস রায়কে প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণার পর থেকেই প্রচারও করছেন জোরদার। এর মধ্যেই নিরাপত্তা বাড়ানো হল বিজেপি প্রার্থীর? ভোট আবহে কি তবে তাপস রায়ের উপর হামলার আশঙ্কা রয়েছে?

জানা গিয়েছে, কেন্দ্রের পক্ষ থেকে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত থেকেই দুই নেতার নিরাপত্তার জন্য চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, গোয়েন্দাদের তরফে আশঙ্কা করা হয়েছে যে তাপস রায় এবং তমোঘ্ন ঘোষের উপর হামলা হতে পারে। সেই কারণেই পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

দলবদলের পর একাধিকবার তাপস রায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি বড়বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। তাঁকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের জেরে এলাকা ছাড়তে বাধ্য হন তাপস রায়। এছাড়া বেশ কিছু জায়গায় প্রচারের সময় তাঁর রোড শো বন্ধ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এই সমস্ত ঘটনার দায় প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরেই চাপিয়েছেন তাপস রায়।  

উল্লেখ্য, তৃণমূলের সূচনাকাল থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন তাপস রায়। গত জানুয়ারি মাস তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তাপস রায়ের। অভিযোগ ছিল, দলের কেউ একবারও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। এরপরই আচমকা বরাহনগরের বিধায়ক পদ এবং তৃণমূল থেকে ইস্তফা দেন তাপস রায়। পদত্যাগের কয়েকদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপিতে যোগদান করেন তিনি। দলবদলের পর ভোটের মরশুমে তাপস রায়ের নিরাপত্তা বাড়ানো নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube