লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় প্রচার করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে প্রচারে আসেন তিনি। সভামঞ্চে বক্তৃতা রাখতে গিয়েই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। একইসঙ্গে এই নির্বাচনে কতগুলি আসন তৃণমূল পাবে,, তারও ভবিষ্যদ্বাণী করে দিলেন তিনি।
এদিন কৃষ্ণনগরের সভা থেকে আমজনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, এই নির্বাচন দেশের সরকার গড়ে তোলার নির্বাচন। সাধারণ মানুষকেই ঠিক করতে হবে তাঁরা কাকে সরকারে বসাতে চাইছেন। বাংলার তৃণমূল সরকারকে কটাক্ষ করে মোদী বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূল গোটা দেশে ১৫ টি আসনেও জিততে পারবে না। পাশাপাশি কংগ্রেসকেও একহাত নেন তিনি। বলেন, কংগ্রেস গোটা দেশে যত শক্তি প্রদর্শন করুক না কেন শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে পারবে না। নরেন্দ্র মোদীর দাবি, তৃতীয়বারের জন্য দেশে ক্ষমতায় আসবে এনডিএ সরকার।

ভোট প্রচারে বাংলায় এসে তৃণমূলকে কড়া আক্রমণ করেন নরেন্দ্র মোদী। দুর্নীতি নিয়ে ফের একবার সরব হন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, তৃণমূলের তোলাবাজি চলতে দেওয়া যাবে না। সমস্ত লুঠ, দুর্নীতির তদন্ত চলবে। এছাড়া, নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের পাশে থাকবেন বলেও জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ভোট আবহে বৃহস্পতিবার রাতে বাংলায় আসেন নরেন্দ্র মোদী। শুক্রবার পরপর তিনটে সভা রয়েছে তাঁর। একইদিনে কৃষ্ণনগর (অমৃতা রায়), রানাঘাট (জগন্নাথ সরকার), বর্ধমান-দুর্গাপুর (দিলীপঘোষ), বর্ধমান পূর্বের (অসীম সরকার) বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

