রাজ্যের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। একটানা তাপপ্রবাহের জেরে নাজেহাল বঙ্গবাসী। সকাল থেকে প্রখর রোদ, বাইরে বেরনো যেন একপ্রকার ‘শাস্তি’। মানুষের মনে একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? অবশেষে এল সুখবর। কয়েকদিনের মধ্যেই ভিজবে একাধিক জেলা। কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশী থাকবে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে। সোমবার থেকেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে থাকবে। আকাশ মেঘলা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঝরবে ঘাম। বৃষ্টির ফলে তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাবে বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে।

শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করবে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

