হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের ভেতর গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । বৃহস্পতিবারের গুলি চালানোর এই ঘটনায় আহত হয়েছেন ২ জন ব্যক্তি । অল্পের জন্য রক্ষা পেলেন খোদ পঞ্চায়েত প্রধানও । অভিযোগ ওঠে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা চলে এদিন ।
এদিন পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে পঞ্চায়েত প্রধানের খোঁজ করে দুষ্কৃতীরা । হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কার্যালয়ে ঢোকা দুষ্কৃতীরা নপ্রধানকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে । আহত হয়েছেন প্রধানের বাবা সহ মোট দু’জন । স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয় তাঁদের ।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের দখলে থাকা ওই পঞ্চায়েতের প্রধান এবং প্রাক্তন এক সদস্যের মধ্যে ঝামেলার জেরেই গুলি চলেছে । গুলি চালানোর অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ সাজিদের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
এই ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান টুকটুকি বলেন, ‘‘আমরা অফিসের মধ্যে বসেছিলাম । তিন জন ঢোকে । আমার কথা জিজ্ঞাসা করে। তার পরেই পকেট থেকে বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে । আমার বাবা, কাকার গায়ে গুলি লেগেছে । আমাকেও টার্গেট করা হয়। আমি প্রাণ বাঁচাতে টেবিলের তলায় ঢুকে পড়ি । একটা বন্দুক কেড়ে নিয়েছি” । এদিনের ঘটনায় তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ সাজিদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ।
অন্যদিকে হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘‘দুপুর ১টা নাগাদ তিন জন দুষ্কৃতী মুখ ঢেকে তিন নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে পড়ে গুলি চালায় । তবে সরাসরি গুলি লেগে কেউ আহত হননি” । ঘটনার তদন্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় । এলাকায় মোতায়েন রয়েছে র্যাফ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

