একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় মুর্শিদাবাদের যা পরিস্থিতি তাতে ভোট করাতে যেতে অনিচ্ছা প্রকাশ করছেন একাধিক ভোটকর্মী । সূত্রের খবর একাধিক আবেদন জমা পড়ছে নির্বাচন কমিশনে । একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত ভোট কর্মীরাও । একদিকে, তাপপ্রবাহ অন্যদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদে ভোট করাতে অনীহা ভোটকর্মীদের । এই নিয়েই চিন্তার ভাঁজ কমিশনের কপালে ।
এই বিষয়ে যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক আধিকারিকের জানান, কমিশনের কাছে যথেষ্ট পরিমাণে ভোটকর্মী রয়েছে । তাই এই নিয়ে চিন্তার কোন কারণ নেই । তবে, ভোটকর্মীরা আবেদন জানাচ্ছেন মানেই যে তাঁদের আবেদন গৃহীত হবে তা নয় । কমিশন চাইলেই কড়া পদক্ষেপ নিতে পারে । যদি কেউ কমিশনের অনুমতি ছাড়া ভোটের কাজ করতে না যান তাহলে প্রয়োজনে কমিশন সেই ভোট কর্মীর বাড়িতে পুলিশ পাঠিয়ে সেই ভোট কর্মীকে নিয়ে আসতে পারে ।
অন্যদিকে, মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । তৃতীয় দফা নির্বাচন শুরু হওয়ার আটচল্লিশ ঘণ্টার আগে অর্থাৎ ‘পি মাইনাস টু’-এর আগে মুর্শিদাবাদের পরিস্থিতি যে কোন মূল্যে স্বাভাবিক করতে হবে । মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারকে কড়া বার্তা দুই স্পেশাল অবজারভারের । জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যাদের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে তাদেরকে হেফাজতে নিতে হবে । কোন ভাবেই কোনও অশান্তির পরিবেশ সহ্য করবে না কমিশন ।
প্রথম দফা ও দ্বিতীয় দফার মতোই শান্তিপূর্নভাবে করাতে হবে তৃতীয় দফার নির্বাচন । তার জন্য যাবতীয় যা প্রয়োজনীয় পদক্ষেপ তা গ্রহণ করার নির্দেশ মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারকে ।এমনই নির্দেশ দেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনীল কুমার শর্মা ।
পাশাপাশি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভগবানগোলা উপনির্বাচন নিয়েও চিন্তায় রয়েছে কমিশন । ৭ মে তৃতীয় দফা লোকসভা নির্বাচনের দিনেই মুর্শিদাবাদের ভগবানগোলাতে হবে উপনির্বাচন । সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যে সব রকম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । মুর্শিদাবাদ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন দুই বিশেষ পর্যবেক্ষক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

