মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত । ক্ষতি করে দেওয়া হলো কয়েক লক্ষ টাকার চাষাবাদের । তার সাথে চাষের জমির জল বন্ধ করে দেওয়া ও এলাকায় মেলা মেশা বন্ধ করা সহ সমস্ত অনুষ্ঠানেও সামাজিক ‘বয়কট’ করে একঘরে করে রাখার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের এগরায় ।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর গ্রামে দেখা গেল এমনই ক ঘটনা । গত ২০২৩ সালের ৫ই অগাস্ট নরাজপুরের বাসিন্দা ভবানী খাঁড়া নামের এক বৃদ্ধা শারীরিক অসুস্থতার জেরে মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যা করেন । কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ছিল বৃদ্ধার ছেলে মনোরঞ্জন খাঁড়া ও বৌমা সৌদামিনি খাঁড়া চক্রান্ত করে ওই বৃদ্ধাকে প্রাণে মেরে ফেলে ।
স্থানীয় গ্রাম কমিটির বেশ কয়েকজন মাতব্বর জোর করে বৃদ্ধার ছেলে ও বৌমাকে গ্রাম কমিটির নামে জায়গা সম্পত্তি লিখে দেওয়ার জন্য শারীরিক নির্যাতন ও মানসিক চাপ সৃষ্টি করে বলে অভিযোগ আনা হয় । পরবর্তীতে অভিযোগ আনা হয় তাতে রাজি না হলে বাড়িতে ঢুকে ভাঙচুর ও হামলা চালায় দুষ্কৃতীরা । এরপরে এগরা থানা ও এগরা ২ নম্বর ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানায় মনোরঞ্জন । অবশেষে জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত ।
হাইকোর্টের নির্দেশে মনোরঞ্জনের বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় । কিন্তু চলতি মাসের ২৩ এপ্রিল রাত প্রায় দশ’টা নাগাদ নরাজপুর গ্রামের মাতব্বর ও দুষ্কৃতীরা প্রায় ৬ বিঘা বাদাম চাষের জমিতে বিষ প্রযোগ করে কয়েক লক্ষ টাকা মূল্যের ফসল নষ্ট করে দেয় বলে দাবি করেন অভিযোগকারীর ।
মৃতার বৌমা সৌদামিনি খাঁড়া অভিযোগ করে বলেন, ‘এলাকার দুষ্কৃতীরা ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় । এখন আমাদের ফসল নষ্ট হয়ে গেছে । আমরা খাবো কী? আত্মহত্যা ছাড়া আমাদের কাছে আর কোন রাস্তা নেই’ । পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও বার বার এই ঘটনা কী করে ঘটছে সেই বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে । তবে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

