কী কারণে বাতিল হল দেবাশিষ ধরের প্রার্থী পদ?

বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিষ ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন ৷ আয়বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারনেই মনোনয়ন পত্র গ্রহণ করল না কমিশন ৷ শুক্রবার মনোনয়ন স্ক্রুটিনির দিন ছিল ৷ যদিও, আগেই এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছিল বিজেপি । তবে মনোনয়ন পত্র গ্রহণ না করায়, হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিষ ধর।

বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিষ ধরকে প্রার্থী করে । ২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিষবাবু কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন ৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের ৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিষ ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতে নাকি অখুশি ছিল রাজ্য সরকার ৷ অভিযোগ, এর পরেই দেবাশিষবাবুকে সাসপেণ্ড করা হয় ৷

এমনকি, ২০২২ সালে দেবাশিষ ধরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে ৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি ৷ দেবাশিষ ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসারেরা । এখনও সেই মর্মে দু’টি মামলা চলছে ৷

সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় দেবাশিষ ধরের মনোনয়ন পত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন ৷ ১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন । এদিন মনোনয়ন স্ক্রুটিনির দিন ছিল ৷ তাতে দেবাশিষবাবুর মনোনয়ন গ্রহণ করল না কমিশন । তবে মনোনয়ন বাতিলের আভাস পেয়েই এই কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে বিজেপি । ২৫ শে এপ্রিল সিউড়ি জেলা শাসকের দপ্তরে তিনি বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন ৷ তবে, মনোনয়ন পত্র গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দেবাশিষ ধর, এমনটাই জানান তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube