লোকসভা ভোটের আগে প্রকাশ্যে উঠে এল দল বদলের ঘটনা । ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাঁর ছেলে এবং তাঁর ভাইকে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হতে হয় বলে ওঠে অভিযোগ । মঙ্গলবার রাতে তৃণমূল কার্যালয়ে আক্রান্ত হওয়ার পর, বৃহস্পতিবার সকালে দল বদল করেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ।
মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এসে মারধর করার অভিযোগ ওঠে আর এক তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষের বিরুদ্ধে । বুধবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ও তার পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের বাড়িতে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং । তাঁর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ‘সত্যেন রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী । আক্রান্ত হয়েছে শুনেই তার পরিবারের সঙ্গে এবং তার সাথে আমি দেখা করতে এসেছি’ ।
এছাড়া বুধবার ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বলেন, যে দল আমাকে কোন সম্মান দেয়নি সেই দলের সঙ্গে আমি কোন মতেই থাকতে পারব না । তাই আগামিকাল আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি’ ।
এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর উপস্থিতিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সত্যেন রায় যোগ দিলেন বিজেপিতে । অর্জুন সিং বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে তৃণমূল দলের ধস নামবে’ । আর এই ঘটনার পর ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে চলে এল ।
অপরদিকে সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, ‘দলের কাছে আগের থেকেই খবর ছিল সত্যেন রায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তাই নির্বাচনের কোন কমিটিতেই তাকে রাখা হয়নি, তাকে সেন্সর করা হয়েছে’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

