ভূমি ও ভূমি রাজস্ব দফতরে চলল ভাঙচুর । অভিযোগ আনা হয়, গরিব মানুষের জমি জোর করে দখল করে নিচ্ছে দুষ্কৃতীরা । আর ভূমি দফতরের পক্ষ থেকে বদল করে দেওয়া হচ্ছে সেই জমির রেকর্ডও । তারই প্রতিবাদে বুধবার ভূমিহারা বাসিন্দা ও কংগ্রেস নেতা-কর্মীরা বসিরহাট এক নম্বর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরে ভাঙচুর চালালেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্ভুক্ত পিফা গ্রামের কয়েকজন বাসিন্দার জমি দুষ্কৃতীরা জোর করে দখল করে নিয়েছে। অভিযোগ, দুষ্কৃতীদের কথা মতো সেই জমিগুলির রেকর্ড ভূমি দপ্তর থেকে বদল করে দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর জমিহারা বাসিন্দারা ভূমি দপ্তরে রেকর্ড সংশোধনের জন্য বারবার আবেদন করেন । কিন্তু তাতে কোন কাজ হয়নি ।
এই ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার পিফা গ্রামের বাসিন্দারা বসিরহাট এক নম্বর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের জড়ো হন । তাঁদের সঙ্গে ছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরাও । তাঁরা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে দেখা করতে চান । কিন্তু এদিন ভূমি রাজস্ব আধিকারিক অফিসে না থাকায় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়েন । তাঁরা অফিসের মধ্যে ভাঙচুর শুরু করেন । পরে আন্দোলনকারীরা সহকারী ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে মালা পরানোর চেষ্টা করেন ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । ভূমি দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

