হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত ভৈরব দত্ত লেনে মঙ্গলবার একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন ।
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ১০ নম্বর ভৈরব দত্ত লেনে কৌশল্যা অ্যাপার্টমেন্টের নিচের তলায় আগুন দেখতে পান স্থানীয়রা । অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে । ফলত আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের বাসিন্দারাও । তড়িঘড়ি বাসিন্দারা বেরিয়ে আসেন বহুতল থেকে । খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের পাঁচটি ইঞ্জিন । দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয় । দমকলের প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় এদিন আগুন নিয়ন্ত্রণে আসে । স্থানীয়রা জানিয়েছেন সময় মতো দমকল পৌঁছানোয় আগুন ভয়াবহ আকার নিতে পারেনি । তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং এলাকাজুড়ে বিদ্যুৎ এবং কেবল নেটওয়ার্কের ওভারহেড তার থাকায় জতুগৃহের পরিস্থিতি হতে পারত যে কোন মুহূর্তে । স্থানিয় বাসিন্দা এবং দমকল কর্মীদের তৎপরতায় তা ঠেকানো সম্ভব হয় ।
তবে এই অগ্নিকাণ্ডের জেরে বহুতলের সামনে থাকা একাধিক মোটর বাইক, সাইকেল ভস্মীভূত হয়ে যায় বলে জানা যায় । দমকল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোন হতাহতের খবর নেই । বহুতলের মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

