সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় ঘোষণা করল আদালত । এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । ২৫৭৫৩ জনের নিয়োগ বাতিল করা হল এদিন ।
বিষয়টি নিয়ে আচার্য সদনে প্রেস কনফারেন্স করলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার । তিনি জানান, ‘সোমবার কলকাতা হাইকোর্টে ২০১৬ সালের নিয়োগের মামলার রায় ঘোষণা করে বলা হয় সম্পূর্ণ নিয়োগ বাতিল করার কথা । আমরা অবশ্যই এই রায়ে খুশি নই । আমরা সুপ্রিম কোর্টে আপিল করব । রায় পুরো না শুনে কোন মন্তব্য করব না’ ।
সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, ‘এই নিয়োগ প্রক্রিয়ায় দেড় বছর ধরে সিবিআই-এর দীর্ঘ অনুসন্ধান চলেছে । তাদের বক্তব্য ছিল এই পাঁচ হাজার জনের নিয়োগ আইন সংগত হয়নি । মাধ্যমিক বোর্ডও নিয়োগ বাতিল করেছিল । সকল কিছুর নিরিখে আগেই ৫ হাজার জনের চাকরি বাতিল হয়েছিল কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । তবে সম্পূর্ণ প্যানেল বাতিল মানে ২৫ হাজার জনের যে চাকরি বাতিল হয়েছে সেটা কেন, কিভাবে, কোন গ্রাউন্ডে হল সেটার জন্য অবশ্যই আমরা শীর্ষ আদালতে যাব । অত্যন্ত কঠোর রায়। নতুন কোন তথ্য নেই আমাদের কাছে । নতুন যে চাকরি বাতিলের রায় সেটার জন্য আমরা যাবো শীর্ষ আদালতে ।
তবে আচমকা ২৫৭৫৩ জনের চাকরি বাতিল করাতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করার বিষয় তিনি তেমন কিছুই জানালেন না । তিনি শুধু বলেন, এটা তাঁদের বিচার্য বিষয় নয় । তাঁরা সুপারিশ ও নিয়োগ করতে পারেন । সুপারিশ পত্র বাতিলের যে রায় সেটা নিয়ে তাঁরা খুশি নন তাই তাঁর শীর্ষ আদালতের দ্বারস্থও হবে ।
অপরদিকে সুপার নিউমেরিক পোস্টে বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ১২৮০ জনকে সুপারিশ ও নিয়োগ করা হয়েছিল বলে তিনি জানান । ১৩০, ১৮৫ ও ৩৯ জনকে মেয়াদ উত্তীর্ণভাবে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও তাঁর দাবি ।
এদিন তিনি আরও জানান, রাজ্যকে আদালত কোন নির্দেশ দিয়েছিল কি না তা তাঁদের জানা নেই । তাঁর বক্ততব্বেয, ‘যোগ্য অযোগ্য এর কি বিভাজন সেটা আমরা এপিডেভিড সহ পেশ করেছি আদালতে । OMR সংক্রান্ত সকল তথ্য পেশ করেছি আমরা আদালতে’ ।
OMR শিটের প্রসঙ্গে তিনি জানান, ‘আমাদের কাছে সিবিআই এর তরফে হার্ড ডিস্ক মারফত যা তথ্য এসেছে সবটাই আমাদের কাছে আছে । বাকি কিছু তো নেই । আমাদের নিজস্ব কিছু নেই । ২৩ লক্ষ OMR শিট দিয়েছে সিবিআই ।
পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে তিনি বলেন, নতুন করে কোন নোটিফিকেশন বা নতুন প্রক্রিয়া শুরু করার কথা ভাবা হচ্ছে না এখনই । কোর্টের নির্দেশ হলে সেটা করতেই হবে তার কিছু পূর্ব শর্ত আছে । সেই শর্ত মেনে সরকারের তরফে গ্রিন সিগন্যাল মিললে আমরা তা শুরু করব । শুনেছি ভোট প্রক্রিয়া মিটলে শুরু করার কথা ভাববে সরকার’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

