লাগাতার বাড়তে থাকা গরমে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে । দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ । আগামী ২৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না । সোমবার এবং আগামীকাল ১-২ ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমবে না ।
দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে ‘লু’ এর সতর্কবার্তা । দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে । আপাতত আরও এক সপ্তাহ তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । তবে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে । এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত । এর জেরেই আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে । সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি চলবে । তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আজ তিলোত্তমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে । তবে জারি থাকবে তাপপ্রবাহের সতর্কতা ।
তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও । আজ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে । তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

