তপ্ত বঙ্গে স্বস্তির পূর্বাভাস?

চলছে তীব্র তাপপ্রবাহ । এরই মাঝে জারি হল ‘লু’ এর সতর্কবার্তা । কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার তাপমাত্রা ছুঁয়েছিল ৪২ ডিগ্রির কাছাকাছি । আজ, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । তবে আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, রবিবার ও আগামিকাল সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি ওপরে থাকার সম্ভাবনা রয়েছে । এর মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি নিয়ে বাড়তি সতর্ক করেছে আবহাওয়া দফতর । আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বলে জানা যাচ্ছে । একই সঙ্গে তীব্র গরম ও চরম আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।

অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই ৭ জেলার কোনও কোনও জায়গায় । জারি করা হয়েছে কমলা সতর্কতা । তবে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে । সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর ।

আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। মঙ্গলবারও এই জেলাগুলির পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও । সোমবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube