গত দু’দিন সেরকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে । বেড়েছে তাপমাত্রাও । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া । সঙ্গে আরও বাড়বে গরম । পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পয়লা বৈশাখ থেকেই গোটা দক্ষিণবঙ্গে ফের গরম অনুভূত হবে । এপ্রিলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে । শনিবার থেকেই ফের তাপমাত্রা উর্ধমুখী হবে বলেই খবর । আগামী কয়েক দিনে গোটা রাজ্যেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় । বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়ার কিছু অংশে । তবে হালকা বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । তিলোত্তমায় বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে । তালিকায় থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি । অস্বস্তিকর আবহাওয়ার কারণে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে । পশ্চিমের জেলাগুলিতে একলাফে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে ।
অন্যদিকে আজ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে । আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে । পয়লা বৈশাখেও ভিজতে পারে কয়েকটি জেলা । বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে । সামান্য বাড়তে পারে তাপমাত্রাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

