রবিবার বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ সোমবারও বাংলার একাধিক জেলায় চলবে দুর্যোগ ।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে । তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর । এই সমস্ত জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর । এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে । মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে । এর প্রভাবেই একাধিক রাজ্যে ঝড়-বৃষ্টি হচ্ছে । সেই কারণেই ভিজছে বাংলাও ।
সোমবারের পর মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে । বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় । আজ সোমবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায় । পাশাপাশি ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে ।
রবিবারের ঝড়-বৃষ্টির কারণে গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা বেশ কিছুটা কমেছে । আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে । সোমবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া । মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি একই থাকবে বলে জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

