রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো নির্বাচনী প্রেক্ষাপট মুড়ে ফেলতে চাইছে কমিশন । আগামী বুধবারের মধ্যেই আরও একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বাংলায় । এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তা ইতিমধ্যেই নিশ্চিত করেছে বলেও কমিশন সূত্রের খবর । কোথায় কত এই অতিরিক্ত বাহিনী মোতায়েন হবে তা ইতিমধ্যেই ছকে ফেলেছে কমিশন । আসন্ন লোকসভা নির্বাচনের রাজ্যের প্রেক্ষাপট পুরো পাল্টে দিল ভূপতিনগরের ঘটনা ।

এক ঝলকে দেখে নেওয়া যাক কমিশন সূত্রে প্রথম দফা নির্বাচনে কোথায় কতো শতাংশ বাহিনী মোতায়েন করা হতে চলেছে ।
★কোচবিহার- ৬৫ শতাংশ কেন্দ্রীয় বাহিনী
★আলিপুরদুয়ার- ৫৬ শতাংশ কেন্দ্রীয় বাহিনী
★জলপাইগুড়ি- ৭২ শতাংশ কেন্দ্রীয় বাহিনী

মোট ৬০ শতাংশ বাহিনীকে মোতায়েন করার মতো পরিস্থিতি রয়েছে এমনটাই খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে । আর এই রিপোর্টকে নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর জরুরি ভিত্তিতে বৈঠক করতে যান বিএসএফ গেস্ট হাউসে । এই বৈঠকে থাকবেন কমিশনের দ্বারা নিযুক্ত রাজ্যে বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা, কমিশনের দ্বারা নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সিএপিএফের নোডাল অফিসার বি কে শর্মা, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর ।

যদিও কমিশনের অন্য আরেকটি সূত্র বলছে আগামী বুধবারের মধ্যে রাজ্যে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে এবং ১ লা বৈশাখের পর আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে । এখন দেখার বিষয় ভূপতিনগরের এই ঘটনা যখন রাজ্যের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটকেই সম্পূর্ণ পাল্টে দিয়েছে তখন দেশের জাতীয় নির্বাচন কমিশন আদৌ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে কি না এবং অবাধ ও শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন নির্বাচন করাতে কতটা সক্ষম হয় ।

প্রসঙ্গত শনিবারই নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে স্থানীয়দের হাতে আক্রান্ত হতে হল এনআইএ-কে । শনিবার বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয় কেন্দ্রীয় এজেন্সির উপর । সেই ঘটনার ভিডিও ভাইরালও হয়ে যায় ।

ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে । এমনই দাবী বিরোধীদের । এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

একই সঙ্গে এই বিষয়ে জেলাশাসকের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন । এমন কি শনিবার সাত সকালেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলেচনা করতে ডিজিপির সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠকেও বসেন স্পেশাল অবজার্ভার অনিল কুমার শর্মা । কমিশন সূত্রের খবর, অবিলম্বে এই ভয়াবহ পরিস্থিতি সামলাতে ডিজিপিকে নির্দেশ দিয়েছেন স্পেশাল অবজারভার । তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আর দফায় দফায় নয়, এবার আগামী বুধবারের মধ্যেই আরও একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে । এই ঘটনার পরই কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube