ভোটের উত্তাপকে উপেক্ষা করে মধুর খোঁজে ব্যস্ত সুন্দরবনের মৌলেরা

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে মাথাব্যাথা নেই সুন্দরবনের মৌলেদের । ভোটের চরম উত্তাপকে উপেক্ষা করে তাই মধুর খোঁজে গহন অরন্যে পাড়ি দেন মৌলেরা ।

ভোটের দিনক্ষন যতই এগিয়ে আসছে ততই লোকসভা ভোট নিয়ে রাজনীতির উত্তাপ বেড়েই চলেছে দেশ জুড়ে । বঙ্গ রাজনীতিতেও তাঁর উত্তাপ বাড়ছে দিনের পর দিন । কিন্তু এই উত্তাপের আঁচ লাগেনি তাঁদের মধ্যে । এঁরা সুন্দরবনের মৌলে । জঙ্গলের বাঘ, জলে কুমিরের পাশাপাশি রয়েছে বাংলাদেশী জলদস্যুদের ভয় ।

কিন্তু এইসব ভয় উপেক্ষা করেই পেটের টানে, সংসার চালানোর তাগিদে ভরা চৈত্রের রোদ মাথায় নিয়ে সুন্দরবনের গহন অরন্যে প্রবেশ করছেন তাঁরা । জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে মৌমাছির চাক খুঁজে মধু সংগ্রহ করছেন তাঁরা ।

অনেকেরই দাবি, ভোট এখনও অনেক বাঁকি, তার আগেই শেষ হয়ে যাবে মধু মাস । মহুল থেকে ফিরে এসে না হয় ভোট দেওয়া যাবে । কিন্তু অনেকের আবার ভোট নিয়ে একেবারেই মাথাব্যাথা নেই । ভোট এল কি এল না তা দিয়ে তো আর পেট চলবে না, তাই ভোট নিয়ে একেবারেই মাথা ঘামাতে চান না তাঁরা । কারণ আগামী তিন মাস সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মাছের প্রজননের সময় এটি । সেই কারণে আরও আর্থিক কষ্টের আশঙ্কায় দিন গুনছেন এই নদীর পাড়ের মানুষজন ।

তাই বিপদকে উপেক্ষা করেই তাঁরা জঙ্গলের পথ ধরেছেন । কারণ সংগৃহীত মধু বন দফতর কেজি প্রতি ২৭০ টাকা করে তাঁদের থেকে কিনে নেবে । পাশাপাশি মোম যা মিলবে তা আলাদা বাজারে বিক্রিও করতে পারবেন মৌলেরা । আর সেই কারণেই বিপদ ও ভোটের উত্তাপকে উপেক্ষা করেই মধু সংগ্রহে মেতেছেন এই মৌলেরা ।

তবে এই ভোট যে দেশ গঠনের ভোট, তা তাঁরা জানেন । যারাই ভোটে জিতুক তাঁরা যাতে সুন্দরবনের মানুষের জন্য নদীবাঁধ, কর্মসংস্থানের দিকে নজর দেন সেই দাবি করেছেন মৌলেরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube