পুরুলিয়া জেলায় প্রকাশ্যে এল এক আশ্চর্যজনক ঘটনা । হাসপাতালের বেডে চলল ওঝার ঝাড়ফুঁক । দাবি ওঠে, ওঝার মারে মৃত্যু হয় রোগীর । সোমবার রাতে এমনই ঘটনা ঘটল পুরুলিয়া জেলা সদর হাসপাতালে ।
হাসপাতালের এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীর ওঝা গিরির মারে মৃত্যু হল পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আদিবাসী মহিলার । এদিনের ঘটনায় গ্রেফতার করা হয় সুকান্ত নন্দী নামক ওই অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে । মৃত মহিলার নাম সবিতা সিং সর্দার, তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর ।
মৃতার বাড়ি পুরুলিয়ার মানবাজার থানার কদমা গ্রামে । বিয়ের পর বাপের বাড়িতে স্বামী দুই সন্তান এবং বাবা মায়ের সঙ্গে থাকতেন সবিতা । ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত মহিলার পরিবার । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্ত্বরে।
প্রাথমিক ভাবে জানা যায় জন্ডিসে আক্রান্ত হয়ে গত রবিবার ২৪ তারিখ পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সবিতা সিং সর্দার । অভিযোগ ওঠে, সোমবার বিকেলে হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দী তাঁর ডিউটি শেষ হয়ে যাওয়ার পর, ফিমেল মেডিক্যাল ওয়ার্ডে এসে চিকিৎসাধীন অবস্থায় থাকা ওই আদিবাসী মহিলাকে ঝাড়ফুঁক করার নামে বেধড়ক মারধর করে । এমনই দাবি তুলে অভিযোগ করেন মৃতার পরিবারের সদস্য ও হাসপাতালে চিকিৎসারত অসুস্থ্য রোগীর আত্মীয়রা ।
সে সময় হাসপাতালের অন্যান্য মহিলা এবং পরিবারের লোকজন বাধা দিলে ওই স্বাস্থ্যকর্মী জানান ওই মহিলার ভুত ছাড়ানো হচ্ছে । ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় ওই আদিবাসী মহিলার । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে । পুলিশ ঘটনাস্থলে এসে ওই স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দীকে গ্রেফতার করে । মঙ্গলবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাঁকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত মহিলার পরিবারের সদস্যরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

