এক দিনের রাজতন্ত্র! পূর্ব বর্ধমানে আজও অব্যাহত প্রাচীন প্রথা

এক দিনের রাজা । দশ বছর পর একদিনের জন্য পালন করা হয় এই প্রথা । হুকুম দেন রাজা । আদায় করা হয় কর । পূর্ব বর্ধমান জেলায় আজও পালিত হয়ে চলেছে এই প্রাচীন প্রথা ।

এক দিনের রাজতন্ত্র, একদিনের জন্য রাজা । এক দিনই এই রাজার হুকুম মেনে চলতে হয় প্রজাদের । অন্যথায় রাজা দেন কঠোর শাস্তি । তবে আগেকার রাজতন্ত্রের মত রাজার শাস্তি কঠিন নয় । মৃত্যুদণ্ড ,কারাগারে বন্দিও নয় । রাজার নির্দেশে প্রজাদের দিতে হয় আর্থিক জরিমানা । এই একদিনই রাজা তাঁর সভা পরিষদ, সৈন্য নিয়ে রাজ্য ভ্রমণে বার হন । তখন প্রজাদের অপরাধ দেখলেই দিতে হয় জরিমানা । প্রতি ১০ বছর অন্তর একদিনের জন্য এমন রাজতন্ত্র প্রথা চলে আসছে কেতুগ্রামের বহরান গ্রামে ।

আনুমানিক একশত বছরের পুরানো এই রীতি । প্রতি ১০ বছর অন্তর গ্রামের জয়দুর্গা পুজোর সময় একদিনের জন্য কেতুগ্রামের বহরান গ্রামে ফিরে আসে রাজতন্ত্র । ব্রাক্ষ্মণ পরিবারের একজনকে রাজা সাজিয়ে নকল সৈন্য সামন্ত নিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে রাজাকে গ্রাম ঘোরানো হয় । কথিত আছে, বল্লাল সেনের আমল থেকেই এই প্রথা চলে আসছে ।

এবারের রাজা হয়েছেন গ্রামের ৮৫ বছর বয়সী এক ব্রাক্ষ্মণ, অম্বিকা প্রসাদ চট্টরাজ । তিনি বলেন, ১৫ বছর বয়স থেকে ১০ বছর অন্তর একদিনের জন্য নকল রাজা হয়ে আসছেন । একদিন রাজা হতে পেরে তিনি খুবই খুশী ।

তবে এই একদিন রাজা যখন তার সৈন্য সামন্ত নিয়ে রাজ্য (গ্রাম) ভ্রমণে বার হন, তখন কোন প্রজার বেয়াদপি রেয়াত করেন না । কেউ রাজার সামনে বসে থাকলে রাজা তাঁকে শাস্তি দেন । আবার কোন দোকানদারের বিরুদ্ধে দোকান খুলতে দেরী করার নালিশ থাকলে কিংবা কোন রাজমিস্ত্রি কাজ খারাপ করলে রাজার নির্দেশে জরিমানা বাবদ কর দিতে হয় তাঁদের । এলাকাবাসীরাও উপভোগ করে প্রাচীন এই প্রথাকে ।

নিছক গ্রামের পুজো উপলক্ষ্যে আনন্দ উপভোগ করার জন্যই রাজা ভ্রমণে বার হয়ে জরিমানা করেন । এদিনের আদায় করা টাকা পুজোর খরচে দেওয়া হয় ।এই দিন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন বহরান গ্রামে রাজার রাজত্বে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube