দোলের দিনও দুর্যোগের সতর্কতা বাংলায় । উত্তর থেকে দক্ষিণ, আজ, সোমবার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা । কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোথাও আবার উঠবে ঝড় । ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের আশঙ্কা একাধিক জায়গায় ।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এর জেরেই চলতি সপ্তাহে বৃষ্টিপাত চলবে । পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ।
আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গেে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । এর জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে । মার্চের শেষে এসেও উত্তরবঙ্গে শীতের আমেজ বহাল । জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে পাহাড়, সর্বত্রই বেশ খানিকটা নেমেছে তাপমাত্রা ।
আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও । বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । তবে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকবে বৃষ্টির পূর্বাভাস । বইবে দমকা হাওয়া । চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে । আজ সোমবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

