নিয়মিত ভোল বদলাচ্ছে আবহাওয়া । কখনও রোদ, কখনও বৃষ্টি তো কখনও ঠান্ডা অনুভূত হচ্ছে । আবহাওয়ার এই মুড সুইংয়ের জেরে নাজেহাল সাধারণ মানুষ । এরই মধ্যে ফের একবার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে । এছাড়াও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । জারি রয়েছে হলুদ সতর্কতা । আজ, শনিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এর মধ্যে অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায় । বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া ।
পাশাপাশি আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৬-১০ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে । বৃষ্টির প্রভাব কমতেই এবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা । আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ১০ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে ।
একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৫ মার্চ, দোলের দিন শুষ্ক থাকবে আবহাওয়া । তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত । এই বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টিপাত হচ্ছে বলে জানা যাচ্ছে ।
অন্যদিকে আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে । শনিবার উত্তরের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি রয়েছে । উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

