সোমবার সকাল ৯টা বেজে ১০ মিনিটে গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা । মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম, মালা রায় ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন শোনা যায় বেআইনি নির্মাণের কথাও । স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন । এরপর সংকীর্ণ রাস্তা দিয়েই তিনি চলে যান হাসপাতালে ।
ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বলেন, “এটা খুব ঘিঞ্জি এলাকা । মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন । প্রোমোটারদের একাংশ বেআইনি ভাবে বাড়ি তৈরি করেন । তার আগে ভাবা দরকার, আশপাশে যাঁরা আছেন, তাঁদের যাতে ক্ষতি না হয় । আমি শুনলাম, প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি । এখন রমজান মাস চলছে । সকলে উপোস করে থাকেন । তাও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন । স্বাস্থ্য দফতর, দমকল, পুলিশ, কাউন্সিলর সারা রাত ধরে কাজ করেছেন”।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘এমন দুর্ঘটনায় আমরা মর্মাহত। দু’জন মারা গিয়েছেন । পাঁচ-ছ’জন এখনও আটকে রয়েছেন । এক জনের পা আটকে রয়েছে; তবে তিনি বেঁচে আছেন । উদ্ধারকারীদের ভিতরে ঢুকতে সময় লেগেছে । এখন সকলে ঢুকে গেছেন । শোকস্তব্ধ পরিবারের কাছে আমি দুঃখপ্রকাশ করছি । যাঁরা বেআইনি কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে । পরিবারের পাশে সরকার দাঁড়াবে । যাঁদের বাড়ি ভেঙেছে, তৈরি করে দিতে বলব’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

