মাল বোঝাই টোটোর ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রীর । শনিবার এই ঘটনার জেরে উত্তেজিত জনতা টোটোতে আগুন লাগিয়ে দেয় । ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড় ভান্ডারদহ এলাকায় ।
এদিনের ঘটনায় জানা যায় স্কুলে যাওয়ার পথে মাল বোঝাই একটি টোটোর ধাক্কায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয় । পুলিশ সূত্রে খবর আজ সকাল সাড়ে দশটা নাগাদ ডোমজুড়ের ভান্ডারদহ গ্রামে ৯ বছর বয়সী এক চতুর্থ শ্রেণীর ছাত্রী যখন পায়ে হেঁটে স্কুল যাচ্ছিল সেই সময় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে উল্টে যায় ।
এই ঘটনায় গুরুতর জখম হয় ওই ছাত্রী । তাকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় টোটোয় ।
সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ । টোটো চালক এবং টোটোতে যার মাল ছিল সেই ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই টোটোটিতে অতিরিক্ত মাল তোলার ফলে নিয়ন্ত্রণ হারানোয় ওই দুর্ঘটনাটি ঘটে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

