বাঁকুড়া জেলায় ফের গন্ধেশ্বরী নদীর বুকে নির্মাণ কাজ দেখা গেল । নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে । এই নিয়েই শুরু হয় জোর তরজা । নদীর গতিপথ রুদ্ধ হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করে কাজ বন্ধ করল সেচ দফতর ।
ফের গন্ধেশ্বরী নদীর বুকে নির্মাণকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে বাঁকুড়ায় । সম্প্রতি নদীর চরের মধ্যে বেশ কয়েকটি সীমানা পাঁচিল তৈরীর কাজ চলছে । এই পাঁচিল তৈরীর কাজে নাম জড়িয়েছে শাসক দলের এক শ্রমিক নেতারও । ইতিমধ্যেই এই বিষয়টিকে নিয়ে আন্দোলনে নেমেছে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন । ওই নির্মাণ নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করতে পারে এই দাবি করে আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সেচ দফতর । অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার দাবি, “নদীর জায়গায় নয় নির্মাণ করা হয়েছে ব্যাক্তিগত জায়গায়” ।
বাঁকুড়া শহরের একপাশ দিয়ে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী নদী । দশকের পর দশক ধরে এই নদীর উপর অত্যাচার চালিয়ে এসেছে বাঁকুড়া শহরের মানুষ । লাগাতার সেই অত্যাচার ও সরকারি বঞ্চনায় গন্ধেশ্বরী নদী এখন কার্যত মজে যাওয়া নালায় পরিণত হয়েছে । কিন্তু বর্ষা এলেই সেই নদী বইতে শুরু করে দু’কূল ছাপিয়ে । গত কয়েকবছর ধরে বর্ষায় গন্ধেশ্বরী নদীর একের পর এক ভয়াল বন্যার রূপ দেখেছে বাঁকুড়া । কিন্তু তারপরও অবস্থার বদল হয়নি ।
সম্প্রতি সেই নদীর বুকেই শুরু হয় একাধিক নির্মাণকাজ । আর সেই নির্মানগুলিকে ঘিরেই শুরু হয় বিতর্ক । অভিযোগ, শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা যুবরাজ মিশ্র সহ মোট ১২ জন যুক্ত রয়েছেন এই নির্মাণগুলির সঙ্গে । শহরের পরিবেশপ্রেমীদের দাবি, এই নির্মাণগুলি আসলে নদীর গতিপথকেই রুদ্ধ করবে । সম্প্রতি সেই একই দাবি করে আপাতত নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেচ ও জলপথ দফতর ।
যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার দাবি, ওই জায়গার মালিকানা তাঁদের । নদীর পাড়ের সেই অংশ জলস্রোতে ক্ষয়ে যাওয়াতে নদী গর্ভ বলে মনে হলেও আসলে তা নয় । নিজের জায়গাতেই তাঁরা নির্মাণকাজ করছেন । বাঁকুড়া পুরসভার দাবি, অভিযুক্ত যে দলই করুন না কেন আইন সকলের জন্য সমান । অপরদিকে পুরসভার দাবি, পুরসভার তরফে অভিযোগ পাওয়ার পরই সেচ দফতর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

