নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রটেই চলেছে একের পর এক গুজব। সরকারের তরফে সেসব গুজবে কান না দিয়ে বারে বারে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সেবিষয়ে অনেকেই সচেতনতা অবলম্বন করলেও বেশ কিছু মানুষ পড়ে রয়েছেন কুসংস্কারের অন্ধকারে। এবার সে দলে নাম লেখাল বাঁকুড়ার বিষ্ণুপুরও।
বিষ্ণুপুরবাসীদের মধ্যে এবার ছড়াল এক আজব গুজব। এই শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার গোপালপুর বাগদী পাড়ার বাসিন্দারা মাটির তলা থেকে কয়লা বের করে তাতে গঙ্গাজল মিশিয়ে কপালে টিপ নিচ্ছেন। তাঁদের বিশ্বাস এই টিপ পরলেই করোনা সংক্রমণ এড়ানো সম্ভব হবে। আর এজন্য তাঁরা বাড়ির তুলসী তলা থেকে শুরু করে দরজার সামনে এমনকি হরিমন্দির সংলগ্ন এলাকার মাটি খুঁড়ে পোড়া কয়লা বের করছেন। এবং তাতে গঙ্গাজল মিশিয়ে কপালে টিপ নিচ্ছেন। তবে এখানেই শেষ নয়, টিপ পরার পর তাঁরা আবার তুলসী আর থানকুনি পাতা খাচ্ছেন। এবিষয়ে সেখানকার একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এবিষয়ে স্থানীয় একজন স্বপ্নাদেশ পেয়েছেন। সেই কথা শুনেই আমরা নির্দিষ্ট জায়গা থেকে কয়লা খুঁড়ে তাতে গঙ্গাজল মিশিয়ে কপালে টিপ নিয়েছি।’ তবে এই পুরো বিষয়টিকেই কুসংস্কার বলে দাবি করেছেন বিষ্ণুপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা কুণ্ডু। একইসাথে এই অন্ধবিশ্বাস যাতে অতি দ্রুত বন্ধ করা হয় সে বিষয়েও তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। করোনার জেরে দেশবাসী যখন আতঙ্কে তখন এই ধরেনের গুজবকে একেবারেই ভালো চোখে দেখছেন না ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এবিষয়ে এই কমিটির এক সদস্য সৌম্য সেনগুপ্ত বলেন, এই ধরণের গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ। তাই প্রশাসনের কাছে এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

