ছাত্রকে বেধড়ক মারধর করলেন শিক্ষক । ঘটনার জেরে আহত হয় মুর্শিদাবাদ জেলার ফরাক্কার নয়নসুখ লক্ষ্মী নারায়ণ সিংহ মেমোরিয়াল হাই স্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়া । শুক্রবারের এই ঘটনায় আতঙ্কিত পড়ুয়া মুখ ফেরালো স্কুলের দিক থেকে!
ক্লাসে ছিলেননা শিক্ষক । তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানাতে গিয়েছিল পঞ্চম শ্রেণীর পড়ুয়া । সেই ছাত্রের উপরেই চড়াও হলেন শিক্ষক । ছাত্রের কপালে জুটলো বেধড়ক মার । আতঙ্কিত পঞ্চম শ্রেণীর ছাত্র ক্লাসে যেতে নারাজ ।
আক্রান্ত ছাত্রের পরিবারের অভিযোগ, গত শুক্রবার স্কুলে পঞ্চম শ্রেণীর ক্লাস নেওয়ার জন্য স্কুলে কোন শিক্ষক না আসায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে যায় সে । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে গিয়ে ক্লাসে শিক্ষক নেই বলে অভিযোগ করাটাই অপরাধ হয়ে দাঁড়াল তার । তার জন্য ক্লাসে গিয়ে ওই ছাত্রকে বেধড়ক মারধর ও গালাগালি করেন স্কুলের এক শিক্ষক, এমনটাই অভিযোগ ওঠে এই ঘটনায় ।
দাবি ওঠে, মারধরের ফলে একাধিক জায়গায় আঘাত পায় ও কানের পাশ দিয়ে রক্তপাত হয় তার । মারধরের সময় পাশের ক্লাসে থাকা এক শিক্ষক ও শিক্ষিকা ছুটে গিয়ে ছাত্রকে উদ্ধার করেন । ছাত্র বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায় । আক্রান্ত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান তার পরিবার । ছাত্রের অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা যায় ।
বর্তমানে এখন কিছুটা সুস্থ থাকলেও আতঙ্কের মধ্যে রয়েছে ছাত্র । স্কুল যেতে রীতিমতো ভয় পাচ্ছে সে । ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনা স্বীকার করে নেয় স্কুল কর্তৃপক্ষ । নয়নসুখ লক্ষ্মী নারায়ণ সিংহ মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার দাস ও পরিচালন কমিটির সভাপতি সোমেন পান্ডে জানান, ‘ছাত্রকে মারধর করাটা অপরাধ এবং আমরা স্কুল কমিটির বৈঠক ডেকে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

