ফেব্রুয়ারি মাসে বেলা বাড়তেই খানিক চড়ছে উত্তাপ, ভোরের দিকে অবশ্য হালকা শিরশিরানিও অনুভূত হচ্ছে । ঋতুরাজ বসন্তের মাঝে অসময়ে ফের হাজির বৃষ্টি ।
আজ মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় রয়েছে মেঘলা আকাশ । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বেলা বাড়তেই ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা । মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । আজ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলায় । বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও ।
এছাড়াও আগামী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । অন্যদিকে ছত্তীসগঢ় এবং তেলাঙ্গানায় এই মুহূর্তে দু’টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ এর জেরেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বাংলা ও ওড়িশায় । ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতও রয়েছে । এর জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে । ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে । আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই । তবে বৃহস্পতিবারের পর থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা ।
উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ রয়েছে । মোটা কম্বল না হলেও চাদর ছাড়া টেকা দায় । গত দু’দিনে উত্তরের কোথাও বৃষ্টি হয়নি । আজ মঙ্গলবারও শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে । বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

