উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে চলল গুলি । রবিবারের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তৃণমূলের উপপ্রধান বিজন দাস । ঘটনার তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ । তবে শেষ পাওয়া খবর পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বলে জানা যায় । তবে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা যায় । ঘটনায় মূল অভিযুক্ত পলাতক । ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয় ।
গুলি করে খুন করা হল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে । স্থানীয় সূত্রে জানা যায়, এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমানে উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে নানা বিষয়ে গোষ্ঠী কোন্দল ছিল । এই ঘটনায় জানা যায়, রবিবার রাতে বিজনবাবু তাঁর এক সমর্থকের বাড়িতে গিয়েছিলেন । সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ বেশ কয়েকজনের সাথে তাঁর বচসা হয় ।
আচমকা এক দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে তাঁর মাথায় ও বুকে । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় অশোকনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তাঁরা । ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর এবং হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী । অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা ।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই জমি ব্যবসায়ীর নাম গৌতম দাস । অন্যদিকে গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের মৃত্যুর খবর শুনে রাতেই হাসপাতালে আসেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার । সাংসদ বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা । বিজনের মৃত্যুতে দলের ক্ষতি হল । পুলিশ বিষয়টির তদন্ত করছে’ ।
এদিন পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান খুনে এলাকায় আসেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী । উপপ্রধান অনুগামী ও তৃণমূল কর্মী সমর্থকরা বিধায়কের সামনে অভিযুক্তকে গ্রেফতারের ও শাস্তির দাবিতে ক্ষোভ জানাতে থাকেন । অভিযুক্তর বাড়ি কেন ঘিরে রেখেছে পুলিশ তাও জানতে চান বাসিন্দারা । উপপ্রধান অনুগামীদের নিয়ে বৈঠকেও বসেন বিধায়ক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

