এলাকায় জারি ১৪৪ ধারা, বাধাপ্রাপ্ত মীনাক্ষী? অবাধে ঘুরলেন শাসক শিবিরের ২ মন্ত্রী!

বিগত বেশ কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি । এই পরিস্থিতিতে দফায় দফায় সন্দেশখালিতে এসেছেন বিরোধী নেতৃত্ব । ব্যতিক্রম হল না শনিবারও । আজ সন্ত্রস্ত এলাকায় পৌঁছন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক । অন্যদিকে মুখ ঢেকে, নিজের পরিচয় কার্যত গোপন রেখেই গ্রামে প্রবেশ করেন মীনাক্ষী মুখোপাধ্যায় ।

সন্দেশখালি এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিকও । এদিন সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালি পরিদর্শন করেন তাঁরা । বলতে গেলে অবাধেই ঘুরে দেখলেন সন্ত্রস্ত এলাকা । মূলত পাত্রপাড়ায় গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী ।

অপরদিকে এদিন সন্দেশখালি পরিদর্শনে আসা মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখ ঢাকা ছিল সাদা ওড়নায় । এতেই কার্যত কর্তব্যরত দুঁদে পুলিশ কর্তাদের টেক্কা দিয়ে দিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক । শনিবার তাঁর সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই-এর সভাপতি ধ্রুবজ্যোতি । সন্দেশখালি গ্রামে ঢুকে টোটোয় চেপে পরিদর্শন করলেন গোটা গ্রাম । এদিন সন্দেশখালির পুকুরপাড়া গ্রামে যান তিনি । কথা বলেন গ্রামের বাসিন্দাদের সঙ্গেও । সেখানে বাড়ি বাড়ি ঘুরে নির্যাতিতাদের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগও শোনেন তিনি । তবে তা সত্ত্বেও পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে ।

শনিবারও সন্দেশখালিতে অবশেষে পুলিশি বাধার মুখে মীনাক্ষী মুখোপাধ্যায় । মাঝেরপাড়ায় ডিওয়াইএফআই নেত্রীকে আটকে দেয় পুলিশ । ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে গ্রামে যেতে বাধা দেওয়া হয় তাঁদের । এদিন সন্দেশখালি কাণ্ডে ধৃত সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতেও যান তিনি । তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি ।

এদিন নিরাপদ সর্দারের বাড়ি থেকে বেরিয়ে এলাকা পরিদর্শনের সময় মাঝেরপাড়ায় মীনাক্ষীকে বাধা দেয় পুলিশ । মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি । থানায় যেতে চাইলে বাধা দেওয়া হয় মীনাক্ষীদের । তাই সন্দেশখালি ঘাটের কাছেই বসে পড়েন তিনি ।

পাশাপাশি জানা যায়, পুলিশ তাঁকে ১৪৪ ধারার কাগজ দেখালে পুলিশের কাছে তাঁর দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি করা থাকলে তিনি একাই যাবেন সেখানে । একই সঙ্গে তাঁর প্রশ্ন, ১৪৪ ধারা জারি করা থাকলে কীভাবে মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক এলাকায় ঢুকতে পারলেন ?

এখন প্রশ্ন উঠছে, যেখানে শাসক দলের নেতারা অবাধে প্রবেশ করতে পারছেন বিরোধী বলেই কি সন্দেশখালিতে যেতে বাধা দেওয়া হচ্ছে তাঁদের ?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube