শীতের দাপট কমতেই ঝড়-বৃষ্টির খেলা? কী বলছে হাওয়া অফিস?

ফেব্রুয়ারির শুরু থেকেই কমেছে শীতের দাপট । তার ওপর শুরু হয়েছে ঝড়-বৃষ্টির খেলা । অকাল বৃষ্টির এই তাণ্ডবে কার্যত তিতিবিরক্ত দক্ষিণবঙ্গের মানুষজন । তুমুল বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা । চলতি সপ্তাহের শেষেও বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চারদিনই বিরাট খেলা দেখাবে আবহাওয়া । ভরা বসন্তে কার্যত কালবৈশাখীর ছায়া পাওয়া যাচ্ছে । তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও ঝড়-বৃষ্টি বাড়বে শনিবার থেকেই । পশ্চিমী ঝঞ্ঝার দাপট তো রয়েইছে, সেই সঙ্গে আক্রমণ শানাবে ঘূর্ণাবর্তও । সাঁড়াশি আক্রমণে ভালোই ঝটকা খাবে জেলা থেকে শহরতলি ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে । অন্যদিকে পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতও অনিবার্য থাকছে । এই দুই মিলিয়ে ঝড়-বৃষ্টি তো হবেই, পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও থাকছে ষোল আনা । দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই চলতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের ।

আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । ইতিমধ্যেই বজ্রপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । একই সঙ্গে অকাল বৃষ্টির সম্মুখীন হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ।

রবিবারও মিলবে না স্বস্তি । মৌসম ভবন সূত্রে খবর, রবিবারের বারবেলায় বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা । রাজ্যের বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই । তবে আগামী সোমবার ফের একবার বৃষ্টির দাপটে জবুথবু হবে বাংলা । এইদিন পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির দাপট থাকবে অত্যাধিক ।

বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলিও । শনিবার এবং রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আগামী মঙ্গলবার । ওইদিন প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একদিকে বাংলাদেশ থেকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে উত্তর-পূর্ব অসমের ঘূর্ণবাতের প্রভাবের কারণেই এই অকাল বৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে পশ্চিমবঙ্গকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube