২৪ ঘণ্টার মধ্যে ফের সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবার আবারও সন্দেশখালিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন রাজীব কুমার। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানালেন, হুঁশিয়ারি দিলেন যারা আইন ভাঙবেন, প্রথমে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন।
বুধবার সন্দেশখালি গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বুধবার এবং বৃহস্পতিবার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। বৃহস্পতিবার ডিজি ফিরে আসার পরে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। বেলমজুরের ঝুপখালিতে শেখ শাহজাহানের ভাইয়ের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। নানা জায়গায় ফের বিক্ষোভে শামিল হন সন্দেশখালির মানুষ। কার্যত ক্ষোভের আগুনে ফুটতে থাকে গোটা দ্বীপাঞ্চল। নতুন করে বিক্ষোভ শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই ফের সন্দেশখালিতে ডিজি রাজীব কুমার। তাঁর সঙ্গে ছিলেন এডিজি সুপ্রতিম সরকার। বেলমজুরির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, কথাও বলেন কয়েকজনের সঙ্গে। নিজের হাতে আইন তুলে না নেওয়ার আবেদন করলেন সাধারণ মানুষের কাছে। একই সঙ্গে কড়া হুঁশিয়ারিও দিলেন তিনি। যারা আইন নিজের হাতে তুলে নেবেন, কোনরকম হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত থাকবেন, প্রথমে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে মিনিট তিনেকের বক্তব্য রাখেন রাজীব কুমার। এই সংক্ষিপ্ত সময়ে তাঁকে বেশ কয়েকবার বলতে শোনা যায় আইন যাঁরা ভাঙবেন, তাঁদের বিরুদ্ধেই প্রথম ব্যবস্থা নেওয়া হবে। কারোর কোন অভিযোগ থাকলে, তাঁর সমাধান পুলিশই করবে, আশ্বাসবাণী রাজ্য পুলিশের ডিজির। তবে শেখ শাহজাহান বা তাঁর অনুগামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সাংবাদিকদের সামনে বলেননি ডিজি। এমনকি একবারও শেখ শাহজাহানের নাম উচ্চারণ করেননি তিনি। এরপরেই অনেকে বলছেন, শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ডিজির এই আশ্বাসবাণী হয়তো অনেকটাই ভরসা দিত সন্ত্রস্ত সন্দেশখালির মানুষের কাছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

