চুরির অভিযোগে এক গৃহবধূকে থানায় ‘তুলে’ নিয়ে গিয়ে নির্মম অত্যাচারের অভিযোগ উঠল থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। হুগলির খানাকুল এলাকার ঘটনা। অসুস্থ ঐ গৃহবধূ স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি।
গৃহবধূর দেহের বিভিন্ন জায়গায় আঘাতের পাশাপাশি চোখে লঙ্কার গুঁড়ো দেওয়ার অভিযোগ উঠেছে। হুগলির খানাকুল এলাকায় এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। শাস্তির দাবিতে পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন আগে, খেলার মাঠে খানাকুল থানার অধীনে থাকা মালঞ্চ ফাঁড়ির ইনচার্জ তুষার মণ্ডলের একটি সোনার অলঙ্কার হারিয়ে যায়। অভিযোগ, সেই সোনার অলঙ্কার কুড়িয়ে পাওয়ার সন্দেহে বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূ ও তাঁর ছোট পাঁচ বছরের ছেলেকে ওই পুলিশ কর্তা লাগাতার হুমকি দেয় বলে অভিযোগ।
বুধবার দুপুরের পর হঠাৎ ওই পুলিশ কর্তা ওই গৃহবধূ ও ছোট শিশুকে ফাঁড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে গভীর রাতে ওই গৃহবধূকে চিকিৎসার জন্য এক হাজার টাকা দিয়ে থানা থেকে ছেড়ে দেয় অভিযুক্ত আধিকারিক। গৃহবধূ জানান, কেবলমাত্র সন্দেহের জেরে তার উপর এমন নির্মম অত্যাচার চালান হয়েছে। গৃহবধূর শাশুড়ির অভিযোগ, “বারংবার বলা হলেও মানতে চায়নি পুলিশ, আমরা চাই দোষীদের শাস্তি হোক।” চিকিৎসক জানান বর্তমান কিছুটা স্থিতিশীল ওই মহিলা। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পুলিশ কর্তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনায় পুলিশের কোনও আধিকারিক মুখ খুলতে চাননি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

